এখন নাকি শব্দগুলো এক মূহুর্তে সাগর পেড়োয়
এখন নাকি যন্ত্রগুলো – এপার থেকে আমার কথা, তোমার পারে পৌছিয়ে দেয়।
তবু কিছুই যায়না বলা, শব্দ খেলায় কেবল ফাঁকি
কথার পিঠে কথা সাজাই, আমরা এখন একলা থাকি।
মৌসুমী ভৌমিকের একটা আন্ডাররেটেড গানের কয়েকটি লাইন। কি ভীষণ সত্যি কথা, তাই না! এত এত যোগাযোগের মাধ্যম, এত অনলাইন উপস্থিতি, এত ইনবক্স আর নোটিফিকেশনের ভিড়, তবুও মানুষ ভেতরে ভেতরে কেমন একা। এজন্যই কি এখন আমরা হঠাৎ মরে যাই! কাউকে কিছু না বলে, বিদায় নেবার সুযোগ না দিয়ে, ঘুমের মধ্যে ঠাস করে – এজন্যই মরে যাই!
একবার একটা কে-ড্রামা দেখেছিলাম – The Legend of the Blue Sea. তো ড্রামার একটা সিনের ইন্টারপ্রিটেশন এমন ছিলো যে, মারমেইডরা যদি প্রিয় মানুষের ভালোবাসার উষ্ণতা না পায়, তবে তাদের হৃদয় ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়, বরফের মতো জমে যায়, তারপর একসময় তারা মৃত্যুবরণ করে।
আচ্ছা, বাস্তব জীবনেও কি অনেকের এমন হয় না? ভেতরে ভেতরে একটা ইমোশনাল নাম্বনেস তৈরি হয় না? হৃদয়টা ধীরে ধীরে শীতল হয়ে যায় না?
ফুড হ্যাবিট, লাইফস্টাইল – এসব তো আছেই; আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই ভেতরে ভেতরে একলা হয়ে যাওয়া, কাছের লোকেদের সাথে মনের আগল খুলে কথা না বলা, প্রিয়জনের সাথে সময়, মনোযোগ আর অন্তরের উষ্ণতা বিনিময় না করা – এসবও আমাদের হঠাৎ প্রস্থানের একটা বড়ো কারণ।
লেখাটা শেষ করবো ‘আমার কিছু কথা ছিলো’ গানটারই আরও দুইটা লাইন দিয়ে –
হয়তো তুমি পাশেই আছো, তবু তোমায় ছুঁতে কি পাই
তোমার বুকে ব্যথা ছিলো – কেমন করে কথা দিয়ে, সেই ব্যথাতে আঙুল বুলাই!

